টস হারাই অনেকটা পার্থক্য তৈরি করে দিল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপ। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র বড় রান এল ঋষভ পন্থের ব্যাটে। ৩১ বলে ৪২ রান করে মহম্মদ আমিরের ডেলিভারিতে ফেরেন তিনি। আর ১৮ বলে ২০ রান অক্ষর প্যাটেলের। এই দুই ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যান।
এদিন নির্ধারিত সময় খেলা শুরু হয়নি। বৃষ্টিতে টস দেরি করে হয়। ম্যাচ শুরুর পরেও ফের বৃষ্টি নামে। কিন্তু ওভার কমেনি। শুরু থেকেই বিধ্বংসী বোলিং শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শহের। আফ্রিদির ডেলিভারিতে ফেরেন রোহিত। বিরাট ফেরেন নাসিমের ডেলিভারিতে। এরপর ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেলের পার্টনারশিপ গড়েন। কিন্তু ৮৯ রান থেকে পরপর চার উইকেট হারায় ভারত। ফেরেন সূর্যুকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা।
৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন নাসিম শাহ। ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মহম্মদ আমির। তিন উইকেট নেন হ্যারিস রাউফ।