'দেশের কর্তা-ব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে জয়'। ২০২১ বিধানসভা জয় নিয়ে এমনই দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২ মে, ২০২১। পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই নবান্ন দখলের বর্ষপূর্তি। পরপর টুইট করে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী। জয়ের দিনটিকে 'মা মাটি দিবস' (Ma Mati Manush Diwas) হিসেবে ঘোষণা করার দাবি করলেন তিনি। জয়ের বর্ষপূর্তিতে টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
প্রথম টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "গত বছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা-মাটি-মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সে জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।" নাম না করলেও এই কর্তা-ব্যক্তি বলতে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। তবে টুইটের বাকি অংশে রাজ্যের মানুষকে নিজের বার্তা তুলে ধরেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন: 'বাড়াবাড়ি করবেন না', হাসপাতাল থেকে বাড়ি ফিরে ভক্তদের জন্য বার্তা ধর্মেন্দ্রর
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "মা মাটি মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন, গণতন্ত্রে মানুষের চেয়ে বড় কোনও শক্তি নেই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি থাকবে। কারণ, এখনও অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।" এরপর তৃণমূল নেত্রী লেখেন, "আজকের দিনটি মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করলাম। সকলের কাছে আহ্বান, আজ থেকে দিনটি 'মা মাটি মানুষ দিবস' বলে পরিচিত হোক। জয় হিন্দ, জয় বাংলা।"