নরেন্দ্র মোদী দেশের লজ্জা। মঙ্গলবার রাজ্য বিধানসভায় ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পাস করিয়ে এই মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, দেশের মহিলাদের নিরাপত্তায় কিছু করেননি প্রধানমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়েই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ চেয়েছেন তিনি।
এদিন বঙ্গ বিধানসভায় অপরাজিত বিল পেশের আগে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন ৩ সেপ্টেম্বরের ইতিহাসের কথা। তিনি জানান, এই দিনেই বিশ্বে মহিলাদের সুরক্ষায় প্রস্তাবনা পাস হয়েছিল রাষ্ট্রসংঘে। এদিন বিধানসভায় আরজি করের ঘটনার প্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতার পদত্যাগ দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাল্টা হুঙ্কারে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। তারপর বাকি কথা। কারণ, নারী নিরাপত্তায় ব্যর্থ কেন্দ্র। আর সেই কারণে উত্তরপ্রদেশ এবং গুজরাতের মতো বিজেপি শাসিত রাজ্যে রোজই নারীদের লাঞ্ছিত হতে হচ্ছে। সেখানে এই রাজ্যে মহিলারা অনেক বেশি সুরক্ষিত বলে এদিন রাজ্য বিধানসভায় ফের দাবি করেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, তাঁর আমলেই রাজ্যে প্রথম মহিলা থানা কাজ শুরু করে। এদিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, কবে এই বিল আইনে পরিণত হবে। কারণ, তিনি রেজাল্ট চান। পাল্টা মুখ্যমন্ত্রী জানান, বিরোধী দলনেতা রাজ্যপালকে বিলে সই করতে বলুন। তার পরেই দেখবেন আইনে পরিণত হয়েছে।