আন্দোলন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করে প্রতিশ্রুতি দিয়ে এলেন তিনি। শনিবারের দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে, ৫ দফা দাবিতে অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। আচমকা অবস্থান মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী।
আন্দলোনকে কুর্নিশ জানিয়ে , ‘দিদির মতো’ আলোচনার জায়গা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী। চাইলেন সময়। প্রতিশ্রুতি দিলেন দোষীদের সাজা দেবেন। ভরসা চেয়ে নিলেন। কিন্তু এর পরেই ফের স্লোগান উঠল আন্দোলন মঞ্চ থেকে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ । ফের বল সিবিআই, এবং সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, ‘সিবিআইকে অনুরোধ করব, তাড়াতাড়ি বিচার হোক।
ধৃত সন্দীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চাপানউতর চলছিল রাজ্য রাজনীতিতে। এদিন নাম না করেই, সেই সম্পর্কের কথা একপ্রকার অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।