আরজি কর তদন্তে আদালতে বড় ধাক্কা খেল সিবিআই। তাদের দাবি উড়িয়ে এবার নার্কো টেস্টে না করে দিল মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে ঘটনায় ধৃত সঞ্জয় রায়। এই ঘটনার তদন্তে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের পর তার নার্কো টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। সেই মতো শিয়ালদহ আদালতে আবেদনও করা হয়েছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, আদালতে হাজির হয়ে এই ব্যাপারে নিজের সম্মতি দেয়নি সঞ্জয়।
নিয়ম বলছে, কোনও ব্যক্তির নার্কো টেস্ট করাতে হলে আদালত এবং ওই ব্যক্তির সম্মতি জরুরি। যদি ওই ব্যক্তি এই পরীক্ষায় নিজের সম্মতির কথা জানায়, তবেই এই ব্যাপারে আদালত তদন্তকারী সংস্থাকে অনুমতি দিতে পারে। কলকাতার বাইরে ভিন রাজ্যে নিয়ে গিয়ে সঞ্জয়ের নার্কো টেস্টের আবেদন করা হয়েছিল। সিবিআইয়ের দাবি, এর আগে বদ্ধ ঘরে সঞ্জয় নার্কো টেস্টে নিয়ে আপত্তি জানায়নি। কিন্তু ভরা এজলাসে এসে বেঁকে বসে।
আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের হতে চলেছে আরজি কর মামলার শুনানি। তার আগে সোমবার স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। কিন্তু শুক্রবার নার্কো নিয়ে সঞ্জয়ের অসম্মতি তাদের বেশ বিপাকেই ফেলল বলে দাবি ওয়াকিবহাল মহলের। কারণ, কী ভাবে আরজি কর হাসপাতালের সেমিনার রুমে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছিল, তা পুরোপুরি এখনও সামনে আসনি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও তদন্ত সাপেক্ষ অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা মনে করেছিলেন, এই ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ে নার্কো পরীক্ষা করা হলে, তাদের তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হত। যদিও এই পরীক্ষায় একশো শতাংশ সাফল্য মেলে না বলে দাবি বিশেষজ্ঞদের। তবে আদালত অনুমতি দিলেই একমাত্র অভিযুক্তর নারকো অ্যানালিসিস বা ব্রেন ম্যাপিং পরীক্ষা করানো যায়।