লালবাজার অভিযানে ছিল প্রতীকী শিরদাঁড়া। এবার সামান্য বদল। মঙ্গলবার প্রতীকী মস্তিষ্ক, প্রতীকী চোখ এবং ঝাঁটা নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে নামলেন জুনিয়র চিকিৎসকরা।
RG করের ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতারির দাবিতে স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। মোট পাঁচদফা দাবি রয়েছে তাঁদের। তার মধ্যে রয়েছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং নিরাপত্তা সুনিশ্চিত করা। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন তাঁরা।
অভিযান শুরুর আগে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাঁরা স্বাস্থ্যভবন সাফাই অভিযান করবেন। ঘুঘুর বাসা ভাঙার দাবি তুলেছেন তাঁরা।
কেন মস্তিস্ক নিয়ে মিছিল জুনিয়র ডাক্তারদের?
এবিষয়ে জুনিয়র ডাক্তারদের দাবি, মাথা খাটিয়ে কাজ করা দরকার স্বাস্থ্যভবনের। আর সেই কারণেই প্রতীকী মস্তিষ্ক রেখেছেন তাঁরা। এর আগে লালবাজার অভিযানে, প্রতীকী শিরদাঁড়া নিয়ে মিছিল করেছিলেন জুনিয়র ডাক্তাররা।
এদিকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যেই কর্মবিরতি তুলে নিতে বলেছে সুপ্রিম কোর্ট। যদিও জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা কর্মবিরতি তুলবেন না। উল্টে পালটা রাজ্য সরকারকে ডেডলাইন দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেল ৫টার মধ্যে সেই দাবি পূরণের দাবি তাঁদের।
এদিনের মিছিলেও চিকিৎসকরা জানিয়েছেন, উৎসবে ফিরবেন না তাঁরা। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও দাবি তাঁদের। এই সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ডও রয়েছে বিক্ষোভকারীদের হাতে।