ফের শহরজুড়ে শুরু ইডির অভিযান । এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নামলেন ইডি আধিকারিকরা । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে শহরের ছয় জায়গায় হানা দিয়েছেন তাঁরা । তার মধ্যে রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ফ্ল্যাট । সেখানেও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ইডির মোট ছ’টি দল তল্লাশি অভিযানে বেরোয়। সঙ্গে রয়েছেন সিআরপিএফ জওয়ানেরা । এদিন, নিউটাউনের একটি অভিজাত আবাসনে হানা দেয় ইডি । অভিজাত আবাসনেই ফ্ল্যাট রয়েছে প্রসন্নের। ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে ।
ফ্ল্যাট ছাড়াও আরও একটি আবাসনে যেখানে প্রসন্নের অফিস, সেখানেও তল্লাশি চালানো হচ্ছে । এছাড়া, নয়াবাদের একটি জায়গাতেও হানা দিয়েছে ইডি ।