এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত 'মিডিলম্যান' প্রসন্ন রায়ের অফিসে ২১ ঘণ্টা তল্লাশি চালালো ইডি । ওই অফিস থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর । বৃহস্পতিবার প্রসন্ন-র ফ্ল্যাট, অফিস-সহ মোট সাতটি জায়গায় তল্লাশি অভিযানে যায় ইডি । প্রসন্নর ফ্ল্যাটে তদন্ত শেষ হলেও নিউটানের অফিসে প্রায় রাতভর তল্লাশি চাললেন ইডি আধিকারিকরা ।
অফিস থেকে কী কী মিলেছে ?
জানা গিয়েছে, প্রসন্নর অফিস থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে । তদন্তের শেষে তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলি নিয়ে বেরোতে দেখা যায় গোয়েন্দাদের । ওই ট্রাঙ্ক ও ট্রলিতে প্রচুর কাগজপত্র রয়েছে বলে ইডি সূত্রে খবর । এসএসসি নিয়োগের সঙ্গে তার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে । জানা গিয়েছে, ট্রলির মধ্যে বেশ কিছু ব্যাঙ্কের পাস বইও রয়েছে।
ইডি-র অভিযান
জানা গিয়েছে নিউটাউনের ওই অফিসে বৃহস্পতিবার সকাল সকাল পৌঁছে গেলেও, সেখানে ঢুকতে পারেননি গোয়েন্দারা । প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করার পর চাবি খুলে ভিতরে প্রবেশ করেন তাঁরা। সন্ধে নাগাদ নিউটাউনের অফিসের বাইরে দেখা যায় প্রসন্ন রায় ও তাঁর স্ত্রী কাজলি সোনি রায়কে । তাঁদের জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অফিসে থাকা কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর ।