দক্ষিণ কলকাতার বড় থিম পুজোগুলির কথা বললে, যে কয়েকটা নাম মাথায় আসে, তার মধ্যে অন্যতম হল বেহালা বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের পুজো । বেহালার দিকে ঠাকুর দেখতে গেলে এই মণ্ডপ লিস্টে থাকবে না তা কী হয় । প্রত্যেক বছরের মতো এবছরও থিমের ভাবনায় রয়েছে অভিনবত্ব । এবার শ্রমজীবী মানুষের কথা বলবে বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ ।
বেহালার বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘের এবারের থিম দশ দিকে দশ লাখ । সমাজে বিভিন্ন ক্ষেত্রের শ্রমজীবী মানুষদের কাহিনি এবার থিমের ভাবনায় । থিমের সঙ্গে সাযুজ্য রেখেই সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ । মণ্ডপে ঢুকলেই দেখা যাবে হাজার হাজার মানুষের অবয়ব ফুটে উঠেছে । তাঁরা শ্রমজীবী মানুষ । তাঁদের কাহিনি মণ্ডপের ছত্রে ছত্রে ফুটিয়ে তোলা হয়েছে ।
থিমের ভাবনা নিয়ে উদ্যোক্তারা জানাচ্ছেন, ১০ দিকে ১০ লাখ এখানে বলা হচ্ছে, কারণ দশ দিক থেকে এত লাখো লাখো মানুষ যে আসেন তাঁদের পুজো মণ্ডপে । আর যে পুজো মণ্ডপ প্রত্যেক বছর গড়ে উঠছে, পুজোটা যে হচ্ছে, তা একজন শ্রবজীবী মানুষর উপর ভর করে । মণ্ডপের একেকটা খুঁট বা পিলারের গোড়ায় একএকেকজন মানুষ রয়েছে, তাঁদের কাজ রয়েছে । এভাবেই সমাজকে এগিয়ে নিয়েও যাওয়ায়, কোনও কাজে সাফল্যের পিছনে শ্রমজীবী মানুষদের বড় ভূমিকা থাকে । মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে সেই ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে । মূলত ১০ দিক থেকে আসা দশ লাখ মানুষের কথাই বলবে বুড়ো শিবতলা ।
মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে প্রচুর লোহা, চুবড়ি, বস্তা, নারকেল দড়ি, শ্রমজীবী মানুষদের ব্যবহার করা বিভিন্ন জিনিস । প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া । অর্থাৎ সাবেকী নয়, থিমের ছোঁয়া থাকছে দুর্গা প্রতিমায় ।
প্রত্যেক বছর বুড়ো শিবতলার পুজোকে কেন্দ্র করে আলাদাই উন্মাদনা থাকে কলকাতাবাসীদের । পুজোর থিমে কী অভিনবত্ব থাকে, সেদিকেই নজর থাকে প্রতিবছর । এবারের থিমও নজরকাড়া । মণ্ডপসজ্জায় শেষ মুহূর্তের কাজ চলছে । পুজোকে কেন্দ্র করে এবার রেকর্ড ভিড়ের আশায় উদ্যোক্তারা ।