রাজ্যের পঞ্চায়েত ভোটে বিজয়ী প্রার্থীদের ভাগ্য ঠিক হবে ১৭ অগস্ট। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে একথা জানাল কলকাতা হাইকোর্ট। তবে, রাজ্যে পঞ্চায়েত হিংসায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। শুনানি চলাকালীন তিনি জানান, পঞ্চায়েতে যে প্রাণগুলি চলে গেল, তা আর ফিরিয়ে দেওয়া যাবে না।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় বাহিনীর কো-অর্ডিনেটর এসসি বুদাকোটি। প্রায় দু হাজার পাতার রিপোর্টে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হয়েছে। কমিশনের তরফে স্পর্শকাতর বুথের কোনও তালিকা বাহিনীকে দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন : পঞ্চায়েতে হিংসা, নাড্ডাকে সিবিআই তদন্তের সুপারিশ কমিটির
ওই রিপোর্টের ভিত্তিতে রাজ্যকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সেইমতো ১৭ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। আদালতকে কমিশন জানিয়েছে, মোট ৮২২ কোম্পানী বাহিনীর মধ্যে ভোটের দিন হাতে পাওয়া গিয়েছিল ৬৩৭ কোম্পানী বাহিনী।