DYFI নেতা কলতান দাশগুপ্তের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত কলতানকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল বিধাননগর আদালত।
শুক্রবার দক্ষিণ কলকাতা থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাশ বলে এক ব্যক্তিকে। শনিবার টালিগঞ্জ ফাঁড়ি থেকে গ্রেফতার করা হয় সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্তকে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে প্রথমে একটি অডিও ফাঁস করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিয়োতে কলতান এবং সঞ্জীবের কণ্ঠ শোনা গিয়েছে বলে দাবি। ওই অডিয়োর সত্যতা কতটা, তা নিয়েই উঠছিল প্রশ্ন।
পুলিশের তরফে জানানো হয়, ওই অডিয়োর সত্যতা নিয়ে কোনও সংশয় নেই। বিধাননগরের ডিসি আরও জানান, সঞ্জীব স্বীকার করেছেন ওই অডিয়োতে তাঁর কণ্ঠস্বর শোনা গিয়েছে। তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও ধৃত কলতান এই প্রসঙ্গে বলেন, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।