আরজি করের ঘটনার মধ্যেই টলিউড তোলপাড় যৌন হেনস্থার অভিযোগে। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে পরিচালক অরিন্দম শীল এবং অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বর্তমান এই প্রেক্ষাপটে সম্প্রতি সমাজ মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যেখানে তিনি অভিযোগ করেছিলেন, অতীতে তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। আর এই অত্যাচার রুখতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছিলেন।
মঙ্গলবার নবান্ন সূত্রে দাবি করা হয়েছে, ঋতাভরীর এই অনুরোধের ভিত্তিতেই তাঁকে রাজ্য প্রশাসনের সদর দফতরে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, হেমা কমিশনের আদলে এই রাজ্যে নারী সুরক্ষায় একটি বিশেষ কমিটি করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আর সেই কারণেই ঋতাভরীর সঙ্গে সামনাসামনি বসে কথা বলতে চান মুখ্যমন্ত্রী।
সম্প্রতি নিজের সমাজমাধ্যমে টলিউডের যৌনহেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছিলেন, টলিউডের তদন্তের প্রয়োজন রয়েছে। রুপোলি দুনিয়ায় রয়েছেন বলে, পুরুষেরা তাঁদের পণ্য বা তাঁদের যৌনতৃষ্ণা মেটানোর মাধ্যম হিসাবে দেখবেন, এটা হতে পারে না।
দিন কয়েক আগেই মালয়ালাম সিনেমা জগৎ উত্তাল হয়েছিল যৌনহেনস্থা অভিযোগে। সেই প্রসঙ্গ নিজের পোস্টে উল্লেখ করেছিলেন ঋতাভরী। আর তাঁর এই আবেদনকে মান্যতা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।