আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ রবিবার ফের পথে নামছে নাগরিক সমাজ। কলকাতার কলেজ স্কয়্যার থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল ৩টে নাগাদ মিছিল শুরু হয়ে শেষ হবে ধর্মতলায়। ওই মিছিলের ডাক দিয়েছে আমরা তিলোত্তমা নামে একটি মঞ্চ।
গত ৯ অগাস্ট RG কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় কর্তব্যরত এক চিকিৎসকের মৃতদেহ। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে তারপর থেকে লাগাতার মিছিল ও আন্দোলন হচ্ছে শহর কলকাতায়। এবার ১ সেপ্টেম্বরও আরও একটি মহা মিছিলের সাক্ষী হতে চলেছেন কলকাতাবাসীরা।
এর আগে একটি সাংবাদিক বৈঠকে CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছিলেন বামফ্রন্টের সব শরিক দলগুলিকে নিয়ে মহামিছিল করা হবে। ১ সেপ্টেম্বরই ওই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। যদিও আজকের এই মিছিলে কোনও রাজনৈতিক দলের ব্যানারে হবে না বলেই জানা গিয়েছে।
অন্যদিকে টলিউড অভিনেত্রী সোহিনী সরকারও কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের গণ কনভেনশনে উপস্থিত হয়ে মহামিছিলের কথা জানিয়েছিলেন। সেই মিছিলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে যোগ দিতে আহ্বান করেছিলেন তিনি।
এদিকে এর আগে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল একটি মঞ্চ। যদিও সেই অভিযান ঘিরে একাধিক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছিল। এবং ওই মঞ্চের প্রধান আহ্বায়ক সায়ন লাহিড়িকে গ্রেফতারও করেছিল পুলিশ।
রবিবারের মহামিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। একাধিক রাস্তায় যান চলাচল স্বব্ধ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাস্তায় নো-এন্ট্রিও করা হতে পারে বলে খবর।