রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য রবিচন্দ্রন অশ্বিন ও মিতালি রাজের নাম সুপারিশ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সুনীল ছেত্রীর নামও পাঠানো হচ্ছে।
ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিবছরই ক্রীড়াবিদদের অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য সম্মান, ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়। দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থা নিজেদের নিজেদের খেলার সঙ্গে যুক্ত থাকা খেলোয়াড়, কোচদের নাম সুপারিশ করে। অর্জুন পুরস্কারের জন্য ক্রীড়াবিদরা নিজেরাও আবেদন করতে পারেন।
ভারতীয় মহিলা দলের সদস্য মিতালি রাজ ২২ বছরের বেশি সময় ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। বহু বছর ধরে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাই তাঁর নাম সুপারিশ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নামও পাঠাচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য। গতবছর রোহিত শর্মা পেয়েছিলেন এই পুরস্কার।
এছাড়া অর্জুন পুরস্কারের জন্য যশপ্রীত বুমরা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুলের নাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সুনীল ছেত্রীর নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য পাঠানো হচ্ছে।