করোনার থাবা এবার নির্বাচন কমিশনের অন্দরেও৷ কোভিডে আক্রান্ত হলেন পুরুলিয়ার বাগমুন্ডি এবং জয়পুর বিধানসভার সাধারণ পর্যবেক্ষক অভয় এ মহাজন। তাঁর পরিবর্তে ওই দুই বিধানসভায় নির্বাচনের নজরদারিতে নতুন পর্যবেক্ষক নিয়োগ করতে হল কমিশনকে। অভয়ের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ইঙ্গটি নামে মেঘালয়ের এক আইএএস-কে। মহারাষ্ট্রের আইএএস অভয় গত ৯ মার্চ থেকে ওই ২ কেন্দ্রের দায়িত্ব নিয়েছিলেন। তিনি ছিলেন পুরুলিয়া সার্কিট হাউসে। মঙ্গলবার কোভিড পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। বুধবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পায় জেলা স্বাস্থ্য দফতর। তাতে জানা যায়, অভয় কোভিড পজিটিভ। তবে তিনি উপসর্গহীন। এর পর অভয়ের জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হয় ইঙ্গটিকে।