৩০ এপ্রিল পর্যন্ত নজরবন্দি করা হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। এদিকে বুধবার সকাল সাড়ে ১১টা থেকেই তাঁর খোঁজ পাচ্ছিল না কমিশন ও কেন্দ্রীয় বাহিনী। অবশেষে দুপুরের দিকে তাঁর খোঁজ পাওয়া যায়। জানা যায় যে নির্বাচনের আগে তারাপীঠের মন্দিরে পুজো দিতে গিয়েছেন তিনি। আর খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছায় কমিশন-সহ কেন্দ্রীয় বাহিনী। মন্দির থেকেই ফের নজরবন্দি করা হয় তাঁকে।
৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত অনুব্রতকে নজরবন্দি থাকতে হবে বলে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছিল। এদিকে পর বুধবার সকালে গাড়ি করে নিজের বাড়ি থেকে বের হন অনুব্রত। কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের গাড়িও ঠিক তাঁর পিছনেই ছিল। এরপর নানুরে দলীয় কার্যালয় থেকে লাভপুরের কার্যালয়ে যান তিনি। সূত্রের খবর, সেখান থেকে বেরিয়ে তাঁর গাড়ি গতি বাড়িয়ে অনেকটা এগিয়ে যায়। তারপর থেকেই তাঁকে খুঁজে পাচ্ছিল না কমিশন ও কেন্দ্রীয় বাহিনী। অবশেষে দুপুর ২টো নাগাদ তারাপীঠের মন্দিরে তাঁর খোঁজ মেলে।