করোনার মৃদু উপসর্গে আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন ব্যবহারে নিষেধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এমনকী, নতুন গাইডলাইনে জিঙ্ক মাল্টিভিটামিন ব্যবহার করতেও বারণ করা হচ্ছে। শুধু তাই নয়, চিকিৎসকরা যাতে অহেতুক খরচসাপেক্ষ পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য না করেন, এমন নিদানও দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইনে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন ওষুধ ট্রায়াল ছাড়া কোনও ভাবেই ব্যবহার করা উচিত নয় বলে আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনা রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন খুব কার্যকরী, এমন কোনও প্রমাণ মেলেনি। তা ছাড়া এই ওষুধ ব্যবহারের একটা ক্ষতিকারক দিকও উঠে এসেছে গবেষণায়। নিষেধ করা হয়েছে ডক্সিসাইক্লিন প্রয়োগেও।