নিউ মার্কেটের কাছে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার পরিবারের ৩জনের মৃতদেহ। মৃতদের নাম সুশীলকুমার বনসওয়াল (৬৬), চন্দাদেবী বনসওয়াল (৬০) ও সুনীত কুমার বনসওয়াল(৪৫)। এই দম্পতি ও তাঁদের ছেলে শিলিগুড়ির বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। ১৪ মার্চ অর্থাৎ রবিবার রফি আহমেদ কিদওয়াই রোডের ওই হোটেলের চারতলার একটি ঘর ভাড়া নিয়েছিলেন। সোমবার সারাদিন হোটেলেই ছিলেন তাঁরা। মঙ্গলবার সকালে ঘরের দরজা না খোলায় হোটেলের তরফে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তিনটি দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। ওই ঘর থেকে একটি বিষের শিশি ও সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন রূপেশ কুমার। প্রাথমিক তদন্তে ওই তিনজন আত্মহত্যা করেছেন বলেই অনুমান পুলিশের।